Image description

আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮৪ জন। নৌকাটিতে ৩০৫ জন যাত্রী ছিলেন। রোববার (১১ অক্টোবর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

আইওএমের তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর রাতে অথবা ৯ অক্টোবরের প্রথম দিকে জিবুতির ওবক বন্দরের উত্তরে গুহেরে এলাকার কাছে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনায় অন্তত ১৫ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৮২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জিবুতির কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসা ও জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।

আফ্রিকার হর্ন অঞ্চল থেকে প্রতিবছর বহু অভিবাসী উন্নত জীবন ও কর্মসংস্থানের আশায় ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। এ জন্য তাদের বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিতে হয়। এই পথে নৌকাডুবি, মানব পাচার ও আটকের ঝুঁকি রয়েছে।

আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এই অভিবাসন পথে ৯০০ জনের বেশি মানুষ মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

এসএস