Image description

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধনের মাত্র দুদিনের মধ্যেই সেটি দখল করে নিয়েছে অবৈধ যানবাহন। সাইকেল চালানোর জন্য নির্মিত ট্র্যাকটিতে পার্ক করে রাখা হচ্ছে ট্রাক, প্রাইভেট কার, রিকশা ও মোটরসাইকেল। এতে দূরদূরান্ত থেকে সাইকেল চালাতে আসা নগরবাসী হতাশা প্রকাশ করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রামের বিমানবন্দর সড়কে ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে উদ্বোধনের পরদিন শনিবার থেকেই ট্র্যাকটি অবৈধ পার্কিংয়ের জায়গা হিসেবে ব্যবহার শুরু হয়।

রোববার (১১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার পর অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এ ছাড়া নিয়ম ভাঙার দায়ে একটি প্রাইভেট কার ও একটি কাভার্ডভ্যানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবারও ট্র্যাকটিতে যানবাহন পার্ক করতে দেখা যায়। দুপুর ৩টার দিকে সেখানে রডবোঝাই একটি ট্রাক, প্রাইভেট কার, রিকশা ও মোটরসাইকেল দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, অভিযানের সময় চালকদের কেউ কেউ দাবি করেন, এটি যে শুধু সাইকেল চালানোর জন্য নির্ধারিত বিশেষ ট্র্যাক, তা তারা জানতেন না। 

এদিকে সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের কারণে হতাশা প্রকাশ করেছেন সাইকেল চালাতে আসা নগরবাসী। 

স্থানীয় বাসিন্দা মো. সোহাইল বলেন, এখনই কঠোর পদক্ষেপ নেওয়া না হলে নগরীর সাধারণ ফুটপাতের মতো এই সাইকেল ট্র্যাকও হকার ও অবৈধ যানবাহনের দখলে চলে যেতে পারে।

উদ্বোধনের পরপরই ট্র্যাকটি অবৈধ পার্কিংয়ের দখলে চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের প্রথম সাইকেল ট্র্যাকে লরি রাখা নাগরিক দায়িত্ববোধের অভাবের পরিচয়। শুধু সচেতনতার কথা বললেই হবে না, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, সাইকেল ট্র্যাকে যানবাহন প্রবেশের সুবিধাজনক ফাঁকা অংশগুলো দ্রুত বন্ধ করা হবে, যাতে শুধু সাইকেল চলাচল করতে পারে। পাশাপাশি ট্র্যাকে স্পষ্ট নির্দেশনাসংবলিত সাইনবোর্ড স্থাপন ও নজরদারি বাড়ানো হবে।

তিনি আরও বলেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সাইকেল ট্র্যাকে কোনো যানবাহন পার্ক করে রাখা হলে তা জব্দ করা হবে।

এসএস