আগামী নির্বাচনে নিজ এলাকায় কাজের প্রমাণ ও জনসেবামূলক কর্মকাণ্ডের দৃষ্টান্ত দেখাতে পারলেই কেবল কাউন্সিলর পদে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) অঞ্চল-১-এর আওতাধীন উত্তরা এলাকায় স্থানীয় সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী শুধু পদ-পদবি দেখে কাউকে কাউন্সিলর পদের জন্য অনুমোদন দেবেন না। কেবল পদ-পদবি থাকলেই কাউন্সিলর হওয়া যায় না; জনগণের কাছাকাছি যেতে হবে এবং সার্বক্ষণিক তাদের জন্য কাজ করতে হবে।"
তিনি আরও জোর দিয়ে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং জনগণের সেবাই এর প্রধান ব্রত। দীর্ঘ ১৭ বছর পর জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছেন উল্লেখ করে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর অনুসারী হিসেবে ডিএনসিসি জনসেবায় নিরলস কাজ করে যাবে।
এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরে প্রশাসক জানান, ঢাকা উত্তরের বেশ কিছু এলাকায় দেখা দেওয়া তীব্র খাবার পানির সংকট ওয়াসার মাধ্যমে নতুন পাম্প বসিয়ে দূর করা হয়েছে। ডেঙ্গু ও মশার উপদ্রব নিয়ন্ত্রণে খালগুলো পরিষ্কার রাখা হচ্ছে এবং জনগণের সহায়তায় খাল পুনরুদ্ধার করে ডিএনসিসিকে পুরোপুরি ডেঙ্গুমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
হকার পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, নির্দিষ্ট স্থানে হকারদের বসার ব্যবস্থা করা হলেও অনেকেই আবার ফুটপাতে ফিরে আসছেন। জনগণ ও হকারদের পারস্পরিক সহযোগিতা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। এছাড়া এলাকার রাস্তাঘাট সম্প্রসারণ, আলোকায়ন ও ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ট্যাক্স সমন্বয়ের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তিনি। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ প্রশাসনকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়াও ডিএনসিসির প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/এমআর




Comments