সিলেটের বিশ্বনাথ উপজেলার একাধিক রাস্তা খানাখন্দ আর পুকুরসহ গর্তে পড়ে বেহাল দশায় পরিণত হযেছে। মাত্রাতিরিক্ত ভাঙ্গার কারণে রাস্তাগুলোতে যানবাহন চলাচল ও পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে রোগীদের চরম কষ্ট পোহাতে হচ্ছে। পাশাপাশি স্কুল কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রী ও অফিস আদালতে গমনকারীদের এই পথেই কেটে যাচ্ছে বাড়তি সময়। বিগত সরকারের আমল থেকে ভেঙেচুরে পড়ে থাকা খানাখন্দ ভরা রাস্তার সাথে সমপ্রতি যোগ হয়েছে নতুন নতুন গুরুত্বপূর্ণ রাস্তার নাম। নিম্নমানের সংস্কার কাজ হওয়ায় সময়ের আগেই রাস্তাগুলো ভেঙে যাচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। নামমাত্র কাজ করে বিল তুলে নিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। পাকাকরণ ও পুনঃসংস্কার হওয়া রাস্তাগুলো নির্মাণে চরম দুর্নীতির বলি এখন সাধারণ জনগণ।
ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ করার সময় বিটুমিন, কংক্রিট, বালির সঠিক ব্যবহার করছে কি-না তা তদারকি ও দেখভালের অভাবে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব রাস্তা অল্প দিনেই জলে ভেসে যাচ্ছে বলে মনে করছেন উন্নয়ন বিশেষজ্ঞরা। উপজেলার বিভিন্ন ভাঙা রাস্তার মধ্যে ৪নং রামপাশ ইউনিয়নের রামপাশা হতে পনাউল্লা বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পাকা রাস্তাসহ অন্যান্য রাস্তাগুলো জরুরি ভিত্তিতে মেরামতের দাবি জোরালো হচ্ছে দিন দিন।
রামপাশা ইউনিয়নের আরো একাধিক রাস্তা লাইফ সাপোর্টে রয়েছে। বৈরাগী বাজার হতে আমতৈল ভায়া পিচের মুখ আড়াই কিলোমিটার রাস্তা। ২নং খাজাঞ্চি ইউনিয়নের রামপাশা প্রীতিগঞ্জ বাজার ভায়া পরগনা বাজার ৪ কিলোমিটার, খাজাঞ্চি ইউনিয়ন হতে কামাল বাজার ৬ কিলোমিটার, খাজাঞ্চি রেলস্টেশন বাজার রাস্তা হতে মুফতি বাজার ভায়া বাওনপুর কাইমগঞ্জ ৪ কিলোমিটার, রঘুপুর -ইসলামপুর কৌড়িয়া মাদ্রাসা ১ কিলোমিটার এবং ১নং লামাকাজী ইউনিয়নের আতাপুর আকিলপুর ভায়া হাজারীগাঁও ৪ কিলোমিটার, খাজাঞ্চিগাঁও মঙ্গলগীরী ভায়া প্রীতিগঞ্জ বাজার আড়াই কিলোমিটার রাস্তা উল্লেখযোগ্য হারে ভাঙ্গাচোরার শীর্ষে রয়েছে। এছাড়া বেশ কয়েকটি রাস্তা পাকাকরণ ও সংস্কার চলমান থাকলেও ধীরগতির কারণে ভোগান্তিতে আছেন স্থানীয়রা। তবে উপজেলার বিভিন্ন প্রান্তে নতুন শুরু করা রাস্তার কাজগুলো টেকসই ও দ্রুত সম্পন্ন হবে বলে আশায় আছেন উপকারভোগীরা। উপজেলাজুড়ে ভাঙা রাস্তার পরিমাণ প্রায় চল্লিশ কিলোমিটার বলে এলজিইডি অফিস সূত্রে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত, পাকাকরণ, সংস্কার ও পুনঃসংস্কারের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব পাঠিয়েছেন বিশ্বনাথ ওসমানী নগরের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা। প্রকল্প পাস হলে টেন্ডারের মাধ্যমে দ্রুত কাজ করা হবে বলে জানান বিশ্বনাথ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী অনুপ কুমার প্রামানিক।




Comments