জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ যেভাবে লংমার্চে রাজপথে নেমে এসেছে, ভবিষ্যতে গ্রামগঞ্জ থেকে মানুষ লংমার্চ নিয়ে ঢাকার দিকে ছুটে আসতে পারে। তখন সরকার গদি রক্ষা করতে পারবে না।
সরকারকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি সরকার সাত মাসে তিনবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।
গোলাম পরওয়ার আরও বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে জামায়াত তাঁর সরকারকে সহযোগিতা করেছিল। ওই সময়ও বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর দায়িত্বে থাকা ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যর্থতার কারণে সরকার বেকায়দায় পড়েছিল বলে দাবি করেন তিনি। আবারও তাঁকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।
মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানও বক্তব্য দেন।
তিনি বলেন, সাত মাসে তিনবার তেলের দাম বাড়িয়ে সরকার জনগণের ওপর ভোগান্তির বোঝা চাপিয়েছে। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেও মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়নি বলে দাবি করেন তিনি।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধান করতে না পারলে সরকারের ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি বিজয়নগর পর্যন্ত যায়।
এসএস




Comments