‘অসদাচরণ ও পলায়নের’ অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন—অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সাবেক এসপি মোহাম্মদ ছানোয়ার হোসেন, সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান মণ্ডল, সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) রাজীব দাস, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাবেক এসপি আসাদুজ্জামান রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত ছিলেন। তিনি ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সাবেক এসপি মোহাম্মদ ছানোয়ার হোসেন ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একই কার্যালয়ে সংযুক্ত সাবেক এসপি আরিফুর রহমান মণ্ডল ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত ছিলেন।
ডিএমপিতে সংযুক্ত সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাজীব দাস ২০২৪ সালের ২ নভেম্বর এবং রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম ২০২৪ সালের ৪ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
এ ছাড়া সিলেটের এপিবিএন-৭-এর অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ২০২৫ সালের ১২ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাদের চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসএস




Comments