Image description

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি নিউইয়র্কে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে নেওয়া হয়। সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন। তাঁর আগমন ঘিরে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেবেন। এটিই জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম ভাষণ।

সফরের শুরুতে ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের জীবনসঙ্গীদের জন্য স্বাগত প্রাতরাশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই দিনে তিনি ইউএনজিএর উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং কয়েকটি দ্বিপক্ষীয় ও সৌজন্য বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জলবায়ু পদক্ষেপ ও ন্যায়সঙ্গত রূপান্তরবিষয়ক আলোচনাতেও অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত হুমকি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে ব্যবসায়ী ও আর্থিক খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর যুক্তরাষ্ট্রে বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে রাতে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে তাঁর। ২৭ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এসএস