Image description

হবিগঞ্জের লাখাইয়ে বসতঘরের পেছনে বেড়া দিয়ে গাঁজার গাছ চাষের অভিযোগে মো. মহরম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহরম আলী ওই গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মহরম আলী তাঁর বসতঘরের পেছনে পশ্চিম পাশে বেড়া দিয়ে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে মাটিতে চাষ করা একটি গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা গাছটির উচ্চতা প্রায় ৮ ফুট ২ ইঞ্চি এবং ওজন ১ কেজি ১০০ গ্রাম।

হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় এবং লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মুন্না মিয়া, এসআই বিপুল চন্দ্র দেবনাথ, এএসআই অরবিন্দসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

লাখাই থানা পুলিশ জানায়, অবৈধভাবে মাদকদ্রব্যের গাছ চাষের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এম আর এ