Image description

গাজীপুর মহানগরীর পূবাইলে ‘অবৈধ সরকার মানি না, মানবো না, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান সংবলিত লিফলেটসহ সামিউল ইসলাম (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রচার কাজে ব্যবহৃত দুটি হায়েস গাড়ি ও ছয়টি লিফলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পূবাইল থানাধীন বিন্দান (পাতারটেক) এলাকায় ঢাকা-বাইপাস মহাসড়কের উলুখোলা ব্রিজের পশ্চিম ঢালে মিরের বাজারগামী সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পূবাইল থানার এসআই মো. আনোয়ার হোসেন খান ও এএসআই সুমন মিয়াসহ পুলিশের একটি দল রাত্রীকালীন মোবাইল ও বিশেষ ডিউটিতে থাকাকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় লিফলেট বিতরণের প্রস্তুতিকালে সামিউল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। আটক সামিউল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মোল্লা এলাকার শাহ আলমের ছেলে।

পুলিশের দাবি, সামিউলসহ এজাহারনামীয় পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিরা কয়েকটি গাড়িতে করে সেখানে একত্রিত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও সমর্থক হিসেবে কর্মকাণ্ডে অংশ নিচ্ছিল। তাদের কাছ থেকে উদ্ধারকৃত লিফলেটে ‘অবৈধ সরকার মানি না, মানবো না, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘গাজীপুর মহানগর ছাত্রলীগ’ লেখা ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব লিফলেট প্রচারের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

পরবর্তীতে ১২ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে আটক কিশোরকে জব্দকৃত দুটি হায়েস গাড়ি ও লিফলেটসহ পূবাইল থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় সামিউল ইসলামসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (পূবাইল থানার মামলা নম্বর-০৭, তারিখ: ১২ আগস্ট ২০২৬)। মামলায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধন ২০২৬) ৬/৭/৮/৯/১০/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পূবাইল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু সামিউল ইসলামকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের আইনগত কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে।