Image description

দুপুরের প্রখর রোদ আর ভ্যাপসা গরমে বাঁশঝাড়ের ছায়ায় প্রতিবেশীদের সঙ্গে আড্ডা দেওয়াই কাল হলো সদ্য এসএসসি পাস করা যুবক আকিমুন ইসলাম মুনের (১৮)। বাঁশঝাড়ের একটি কচি বাঁশ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের জোলেরপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো. আকিমুন ইসলাম মুন ওই এলাকার মো. শহিদার রহমানের ছেলে। তিনি বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ ছিল না। দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে মুন প্রতিবেশী চাচা ও ভাইদের সঙ্গে বাড়ির পাশের বাঁশঝাড়ের ছায়ায় বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনি বাঁশঝাড়ের একটি কচি বাঁশে হেলান দিয়ে গল্প করছিলেন।

একপর্যায়ে মুনের শরীরের ভারে কচি বাঁশটি হেলে গিয়ে পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে স্পর্শ করে। এতে বাঁশের সঙ্গে থাকা মুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান। পাশে থাকা লোকজন চেয়ার দিয়ে বাঁশটি ঠেলে তাঁকে আলাদা করেন। পরে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়ভিটা ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা বলেন, “নিহত মুন এলাকায় সবার কাছে প্রিয় ছিল। লেখাপড়াতেও সে খুব মেধাবী ও ভালো ছিল। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

ঘটনার তদন্তে ঘটনাস্থলে আসা ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল জানান, ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহালসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ