Image description

স্বাস্থ্যসেবার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং দেশের স্বাস্থ্যব্যবস্থায় পুনর্বাসনসেবার ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কে জনসচেতনতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্ম সচিব) মোহাম্মদ হারুন অর রশিদ। ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের অধ্যক্ষ ডা. রুকসানা আক্তার পিটির সভাপতিত্বে এবং বেলা হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় সেমিনারে কলেজের চেয়ারম্যান ডা. শামীম আহমেদ, ডা. মুবাশ্বিরা রায়দা, ডা. আশিক আহমেদসহ শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সেমিনারে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং অন্যান্য পুনর্বাসনসেবার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় রোগ নিরাময়ের পাশাপাশি রোগীর শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনযাত্রায় পুনর্বাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারে স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি, পুনর্বাসনসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এ খাতের পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনার শেষে অতিথিরা কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন। পরে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি মোহাম্মদ হারুন অর রশিদকে সম্মাননা স্মারক প্রদান করেন অধ্যক্ষ ডা. রুকসানা আক্তার পিটি।

এসএ