Image description

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ড্রেন সংস্কারকাজের সময় ৩৩৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া জিলা স্কুলের সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় সিটি করপোরেশনের ড্রেন খননকালে শ্রমিকরা এই গুলির সন্ধান পান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিলা স্কুলের দেয়াল ঘেঁষে নতুন ড্রেন নির্মাণের জন্য মাটি কাটার সময় শ্রমিকরা গভীরে কিছু ধাতব বস্তু দেখতে পান। পরে মাটি সরালে সেখানে সারিবদ্ধ ও স্তূপ করা অবস্থায় বিপুল পরিমাণ গুলি বেরিয়ে আসে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো উদ্ধার করে। গণনায় সেখানে মোট ৩৩৪ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।

উদ্ধারকৃত এই গুলিগুলো মহান মুক্তিযুদ্ধের সময়কার, নাকি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকালে থানা থেকে লুট হওয়া—তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম আলী বলেন, "শ্রমিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার করেছি। এই গুলির উৎস এবং এগুলো কতদিনের পুরোনো তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত শুরু হয়েছে।"

ডিআর