মোড়েলগঞ্জের গাবগাছিয়া সড়ক যেন ‘দুর্ভোগের ফাঁদ’, কাদা-পানিতে নাকাল ১০ গ্রামের মানুষ
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গাবগাছিয়া এলাকার একটি জনগুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে সড়কটি এখন ১০ গ্রামের মানুষের জন্য ‘দুর্ভোগের ফাঁদ’-এ পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে কাদা-পানি ও অসংখ্য খানাখন্দ তৈরি হওয়ায় যাতায়াতে চরম নাজেহাল হচ্ছেন শিক্ষার্থী, রোগী ও কৃষকসহ সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বলইবুনিয়া, বুরুজবাড়িয়া, শহীদ মার্কেট, পুটিখালী, জোকা ও দৈবজ্ঞহাটিসহ প্রায় ১০টি গ্রামের মানুষের চলাচলের অন্যতম প্রধান পথ এটি। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু সড়কের বেহাল দশায় পণ্য পরিবহন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি জরুরি প্রয়োজনে কোনো মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়াও দুঃসাধ্য হয়ে পড়েছে।
বর্ষার মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। কাদা-পানিতে ডুবে থাকা বড় বড় গর্তে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাদা মাড়িয়ে ক্লাসে যেতে হয়, যা তাদের জন্য নিত্যদিনের বিড়ম্বনা। এছাড়া স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সঠিক সময়ে বাজারে নিতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকায় দুটি ভোটকেন্দ্র থাকলেও নির্বাচনের পর সড়কের উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায় না। বছরের পর বছর ধরে তারা কেবল আশ্বাসের বাণীই শুনে আসছেন, কিন্তু সড়কের স্থায়ী কোনো সংস্কার হয়নি।
এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, সড়কটির বর্তমান নাজুক অবস্থার কথা তারা অবগত আছেন। প্রয়োজনীয় সরকারি বরাদ্দ পাওয়া গেলে দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কার বা নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
তবে এলাকাবাসীর দাবি, লোক দেখানো সামান্য মাটি বা ইট ফেলে খানাখন্দ ভরাট করলে সমস্যার সমাধান হবে না। তারা দীর্ঘস্থায়ী দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি কার্পেটিং করে টেকসইভাবে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ডিআর




Comments