ফটিকছড়িতে কাঠবোঝাই চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি কাঠ ও গোলকাঠ জব্দ করেছে বন বিভাগ। এ সময় প্রায় ৭০ ঘনফুট জ্বালানি কাঠবোঝাই একটি চাঁন্দের গাড়ি (জিপ) জব্দ করা হয়। এ ঘটনায় বন আইনে দুটি পৃথক মামলা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম উত্তর বন বিভাগের হারুয়ালছড়ি রেঞ্জ কর্মকর্তা ও বন বিভাগের কর্মীদের যৌথ অভিযানে এসব কাঠ ও গাড়ি জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ করা গাড়িটিতে আনুমানিক ৭০ ঘনফুট জ্বালানি কাঠ ছিল। এ ঘটনায় বন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ছাড়া একই অভিযানে পৃথক ঘটনায় ১৫ ঘনফুট জ্বালানি কাঠ এবং আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির ৩৫ টুকরা গোলকাঠ জব্দ করা হয়। এসব গোলকাঠের পরিমাণ আনুমানিক ৩২ ঘনফুট। এ ঘটনায় বন আইনে আরও একটি মামলা করা হয়েছে।
জব্দ করা চাঁন্দের গাড়ি, জ্বালানি কাঠ ও গোলকাঠ বর্তমানে হারুয়ালছড়ি রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রয়েছে। হারুয়ালছড়ি রেঞ্জ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, বনজ সম্পদ রক্ষা ও বন অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
এসএ




Comments