Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন মতিহার এলাকার একটি ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) বিকালে নগরীর আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ার ছাত্রাবাস থেকে মাহফুজুর রহমান (২৩)-এর লাশ উদ্ধার করা হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি নিজ কক্ষে মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে কথা বলছিলেন। পরে ওই মেয়ের উদ্বেগের কারণে সহপাঠীদের বিষয়টি জানানো হয়। এরপর দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে শিক্ষার্থীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে রাবি মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, প্রায় চার বছর ধরে তার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্কের টানাপোড়েন ও মানসিক চাপ চলছিল বলে তারা জানান।

রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত চলছে।

মতিহার থানার ওসি গোলাম কবীর জানান, সুরতহাল প্রতিবেদন শেষে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানিয়েছে, মরদেহ বর্তমানে রাবি মেডিকেল সেন্টারের ফ্রিজিং ভ্যানে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।