Image description

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে গবেষণা ও চর্চার লক্ষ্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘নজরুল চর্চা কেন্দ্র’ প্রতিষ্ঠা করা হলেও দীর্ঘ সময়েও এর কোনো কার্যক্রম দৃশ্যমান হয়নি। প্রয়োজনীয় অবকাঠামো, সরঞ্জাম এবং নিয়মিত সেমিনার বা আলোচনা সভার অভাবে কেন্দ্রটির মূল উদ্দেশ্য এখন প্রশ্নের মুখে পড়েছে।

২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এই কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। লক্ষ্য ছিল নতুন প্রজন্মের কাছে নজরুলের সাম্য ও অসাম্প্রদায়িক চিন্তাধারা ছড়িয়ে দেওয়া এবং গবেষণার ক্ষেত্র তৈরি করা।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, “আমাদের পরিকল্পনা ছিল এটিকে একটি পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলার। নজরুলের রচনা নিয়ে কাজ করা, রিসার্চ ফেলো রাখা এবং নিয়মিত সিম্পোজিয়াম আয়োজনের স্বপ্ন ছিল আমাদের। বর্তমান প্রশাসন নিশ্চয়ই এর গুরুত্ব অনুধাবন করে এটি এগিয়ে নিয়ে যাবে।”

তবে কেন্দ্রটির বর্তমান পরিস্থিতি হতাশাজনক। নজরুল চর্চা কেন্দ্রের পরিচালক অধ্যাপক শামীমা হামিদ বলেন, “আগের প্রশাসনের সময় আমাকে অনেকটা জোর করেই এই দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে আমি কোনো দৃশ্যমান অগ্রগতি করতে পারিনি। কার্যক্রম শুরু করতে না পারায় কেউ এ বিষয়ে প্রশ্ন করলে আমি বিব্রত বোধ করি।”

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী নিসরাত জাহান অহনা বলেন, “শিক্ষার্থীদের জন্য এই কেন্দ্রের গুরুত্ব অপরিসীম। নজরুলের সাহিত্য ও দর্শন তরুণদের মানবিক মূল্যবোধ ধারণ করতে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সচেতন হতে অনুপ্রাণিত করে। তাই শুধু নামমাত্র না রেখে কেন্দ্রটিকে দ্রুত সক্রিয় করা প্রয়োজন।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম স্বীকার করেন যে কেন্দ্রটি বর্তমানে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ। তিনি বলেন, “এটি সম্পূর্ণ নতুন একটি কেন্দ্র। এর জন্য অফিস স্থাপন, আসবাবপত্র কেনা এবং ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) অনুমোদনের প্রয়োজন রয়েছে। আমরা খুব শীঘ্রই এসব প্রক্রিয়া সম্পন্ন করে কেন্দ্রটিকে কার্যকর করার উদ্যোগ নেব।”

সংশ্লিষ্টরা মনে করছেন, নজরুলের আদর্শ ও সাহিত্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দ্রুত প্রশাসনিক জটিলতা কাটিয়ে ‘নজরুল চর্চা কেন্দ্র’ পূর্ণোদ্যমে চালু করা জরুরি।

ডিআর