জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ সময় শাখা ছাত্রদল ডেঙ্গু প্রতিরোধে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, "বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি-২০২৬ উদ্বোধন করেছেন। তারই ফলশ্রুতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির আয়োজন করেছি।"
তিনি আরও বলেন, "আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের যদি জনবলের ঘাটতি থাকে, ছাত্রদলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক হিসেবে স্বেচ্ছাশ্রমে তাদেরকে সহযোগিতা করবে। পাশাপাশি আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও আন্তরিক হওয়া দরকার পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ডেঙ্গুর বিষয়ে। আমাদের এই কর্মসূচি সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে।"
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৪ উদ্বোধন করেছেন। এর অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল প্রশাসন বরাবর একটি আবেদন দিয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি।"
উপাচার্য আরও বলেন, "প্রাণ-প্রকৃতির এক অভয়ারণ্য হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা এখানে সকল প্রজাতির সহাবস্থানে আছি—শুধু মানুষ নয়। ভিন্ন আদর্শের মানুষ যেমন সহাবস্থান করি, সকল প্রজাতি মিলে বসবাস করি। সেই জন্য পরিচ্ছন্নতা এই কর্মকাণ্ডটি জাহাঙ্গীরনগরে পরিচালনা করার জন্য যেটা মাথায় রাখতে হবে, প্রাণ-প্রকৃতির যেন কোনো ক্ষতি না হয়। আমাদের এখানে মশা বিশেষজ্ঞ রয়েছেন, এখানে কীটপতঙ্গ বিশেষজ্ঞ রয়েছেন, পরিবেশ বিজ্ঞানীরা রয়েছেন। আমরা তাদের সহযোগিতা নিয়ে ছাত্রদলের এই সুন্দর যে প্রয়াস, এই প্রয়াসটাকে আমরা কার্যকর করার স্বার্থে পাশে থাকব।"
ডিআর




Comments