সাটুরিয়ায় হেরোইন সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় নিজ বসতবাড়িতে বসে হেরোইন সেবনের অপরাধে মো. আশিক (২৩) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের শেখড়ীনগর (মধ্যপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোরশেদ আলমের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাজাপ্রাপ্ত আশিকের মা রেবেকা বেগম (৫০) ও স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য ও জবানবন্দিতে মাদক সেবনের সত্যতা পাওয়া যায়।
পরবর্তীতে অপরাধ প্রমাণিত হওয়ায় আশিককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ অনুচ্ছেদ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আইনানুগ দণ্ড দেওয়া হয়। অভিযানকালে আশিকের কাছ থেকে হেরোইন সেবনের উপকরণ হিসেবে ব্যবহৃত একটি লাইটার, মোড়ানো ১০ টাকার একটি নোট, এক টুকরো রাংতা কাগজ ও একটি বোতলের ক্যাপ জব্দ করা হয়।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, সাটুরিয়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাটুরিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিআর




Comments