Image description

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিন্ডিকেটে নতুন দুই জন প্রকৌশলীকে সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা বা শিল্প প্রতিষ্ঠান ক্যাটাগরিতে আগামী ২ বছরের জন্য তাঁদের এই মর্যাদাপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা) সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। সোমবার (২ নভেম্বর) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সরকার কর্তৃক চুয়েট সিন্ডিকেটে নতুন মনোনীত সদস্য দুজন হলেন:

মো. ইকবাল করিম (এনডিসি) – অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

শফিকুল ইসলাম খান – অবসরপ্রাপ্ত সিনিয়র মেকানিক্যাল প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’-এর ১৮ (১) (চ) ও ১৮ (২) ধারা অনুযায়ী জারীকৃত এই আদেশের মাধ্যমে পূর্ববর্তী ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারির আদেশটি বাতিল বলে গণ্য হবে। সেই সাথে নতুন দুই সদস্যকে আগামী দুই বছরের মেয়াদে চুয়েট সিন্ডিকেটে এই নতুন মনোনয়ন প্রদান করা হলো।

শিক্ষা ও গবেষণা খাতের সার্বিক উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতি নির্ধারণী কার্যক্রমে তাঁদের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ডিআর