Image description

জাপানের হোক্কাইডোতে ভাল্লুকের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে একটি এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ট্রেনটির ৩২ যাত্রী ও কর্মীর কেউ হতাহত হননি।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর হোক্কাইডো।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, হোক্কাইডোর উত্তরাঞ্চলীয় শহর ওয়াক্কানাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া চার বগির ‘সারোবেতসু লিমিটেড এক্সপ্রেস’ ট্রেনটির সঙ্গে একটি ভাল্লুকের ধাক্কা লাগে। রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে তেশিও-নাকাগাওয়া ও তোইকামবেতসু স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রেনটির সামনের বগিটি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর যাত্রী ও ট্রেনের কর্মীরা রাতভর ট্রেনের ভেতরেই অবস্থান করেন। শনিবার সকালে ঘটনাস্থল থেকে ট্যাক্সিতে করে তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

এদিকে দুর্ঘটনার কারণে শনিবার ওয়াক্কানাই থেকে ওতোইনেপ্পু পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার রেলপথে সব ট্রেন চলাচল বাতিল করে কর্তৃপক্ষ।

এনএ