রাজধানীর চার্চ থেকে চুরি যাওয়া ৭০ কেজি ওজনের ঘণ্টা ডাস্টবিন থেকে উদ্ধার
রাজধানীর আসাদগেট এলাকার ঐতিহাসিক সেন্ট খ্রিস্টিনা চার্চের ছাদ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের চার্চের ধাতব ঘণ্টাটি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে মোহাম্মদপুরের জাকির হোসেন রোড সংলগ্ন একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।
পুলিশ ও চার্চ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) ভোররাতে চার্চের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। সকালে চার্চের ফাদার গিয়ে দেখতে পান প্রধান ফটকের তালা ভাঙা এবং ছাদে ঝুলিয়ে রাখা চার্চের বিশেষ প্রার্থনা ঘণ্টাটি গায়েব হয়ে গেছে। প্রায় তিন বছর আগে চার্চের ছাদে স্থাপিত এই ঘণ্টাটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। প্রতিদিন উপাসনা ও প্রার্থনা শুরুর আগে ঘণ্টাটি বাজানো হতো।
চার্চের ফাদার জানান, প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরা অকার্যকর থাকায় চুরির সাথে জড়িতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। চুরির ঘটনার পরপরই চার্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর তদন্তে নেমে পুলিশ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ডাস্টবিনের পাশ থেকে ভারী ঘণ্টাটি উদ্ধার করতে সক্ষম হয়।
চার্চ কর্তৃপক্ষ আরও উদ্বেগের সাথে জানায়, ঘণ্টা চুরির ঘটনা ঘটে যাওয়ার মাত্র একদিন আগেও চার্চটির বাথরুম থেকে বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি হয়েছিল।
ডিআর




Comments