প্রেস টিভির দাবি
‘আমেরিকা-ইরান যুদ্ধ বাঁধাতে বিমান ছিনতাইয়ের ছক নেতানিয়াহুর’
আমেরিকাকে ইরানের বিরুদ্ধে নতুন এক পূর্ণাঙ্গ যুদ্ধে টেনে আনতে এবং ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধংদেহী করতে একটি ভুয়া বিমান ছিনতাইয়ের (‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন) ছক কষেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ আঞ্চলিক একটি জ্যেষ্ঠ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ইসরায়েলগামী একটি আমিরাতি যাত্রীবাহী বিমান ছিনতাই করে তা সৌদি আরবে অবতরণ করানোর একটি 'নাটক' সাজানো হয়েছিল। সম্প্রতি নেতানিয়াহু শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে গোপন সফরে আবুধাবি যান। সেখানেই আমিরাত ও আঞ্চলিক কয়েকটি আরব দেশের কর্মকর্তাদের সাথে বহুপক্ষীয় বৈঠক করে এই ষড়যন্ত্রের চূড়ান্ত নীলক নকশা প্রস্তুত করা হয়, যার দায় পরবর্তীতে ইরানের ওপর চাপানোর পরিকল্পনা ছিল।
সূত্রের দাবি, নেতানিয়াহু তীব্র রাজনৈতিক উদ্বেগে ভুগছেন। আগামী ইসরায়েলি পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে তাঁর জোট সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে তিনি চরম আশঙ্কায় আছেন। ক্ষমতাচ্যুত হলে বিভিন্ন অপরাধের বিচারে তাঁর বাকি জীবন জেলখানায় কাটানোর জোরালো সম্ভাবনা রয়েছে। ফলে নিজের ক্ষমতা ধরে রাখতে এবং ব্যক্তিগত ও রাজনৈতিক দৈন্যদশা ঢাকতে তিনি ট্রাম্প প্রশাসনকে আবারও একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে ঠেলে দিতে চাইছেন।
এদিকে এই চক্রান্ত প্রকাশ্যে আসার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসিন রেজাই সংযুক্ত আরব আমিরাতকে হুশিয়ার করে বলেছেন, “গাজার কসাই নেতানিয়াহুকে আতিথেয়তা দিয়ে কোনো শুভ ফল পাওয়া যাবে না, ঠিক যেমন মার্কিন ঘাঁটি নির্মাণ করে তারা নিরাপত্তা পায়নি।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ার এই ভঙ্গুর পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না। যেকোনো উসকানিমূলক বা 'ফলস ফ্ল্যাগ' অপারেশনের বিরুদ্ধে ইরান “কঠোর ও বিধ্বংসী” পাল্টা আঘাত হানতে শতভাগ প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেছে দেশটি।
ডিআর




Comments