জীবননগর
সীমান্তে কাঁটাতার কেটে ভারতে প্রবেশ: মাদকসহ ২ বাংলাদেশি আটক
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মাদক সংগ্রহের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে মাধবখালী সীমান্ত এলাকার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. সন্তো হোসেনের ছেলে মো. রকো হোসেন (৩৫) এবং একই গ্রামের মো. খোদাবকশের ছেলে মো. রাশিদুল ইসলাম (৩৬) ওরফে দুলি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রকো ও দুলি এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। তারা ওই এলাকার আলোচিত মাদক সিন্ডিকেট প্রধান বাসারের ভাতিজা। দীর্ঘদিন ধরে তারা সীমান্ত এলাকায় মাদক পাচারের সঙ্গে জড়িত। শনিবার ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতের প্রায় ৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন তারা। মাদক সংগ্রহের প্রস্তুতির সময় বিএসএফ সদস্যরা তাদের হাতেনাতে আটক করে।
বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বিএসএফের বরাত দিয়ে জানান, ভারতের অভ্যন্তরে মাদকসহ দুই বাংলাদেশি আটক হওয়ার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বিএসএফ জানিয়েছে, আটক ব্যক্তিরা মাদকসহ হাতেনাতে ধরা পড়ায় তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments