ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-৬। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জামাল ইউনিয়নের গুটিয়ানি বটতলা বাজার এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কালীগঞ্জ উপজেলার গুটিয়ানি বটতলা এলাকায় নাশকতামূলক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে একদল দুষ্কৃতকারী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান ব্যারেল রিভোলভার এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো রাতেই কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments