Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি মাওলানা আমির হামজার পক্ষে এক বিশাল মহিলা গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে এই গণমিছিলটি বের করা হয়।

মিছিলে অংশগ্রহণকারী নারীরা জাতীয় পতাকা ও জামায়াতের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ হাতে নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা আমির হামজার পক্ষে ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি একতারা মোড়ে গিয়ে শেষ হয়।

গণমিছিলে অংশ নেওয়া নারীরা বলেন, "আমরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালনার আশায় মুফতি আমির হামজা ভাইয়ের পক্ষে মাঠে নেমেছি। আমরা চাই সৎ ও যোগ্য মানুষের হাতে দেশ পরিচালনার দায়িত্ব যাক।"

মিছিল পরবর্তী সমাবেশে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার নারীদের উদ্দেশে বলেন, "আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করছি। আপনারা আগামী নির্বাচনে শুধু ‘দাঁড়িপাল্লা’ প্রতীকেই ভোট দেবেন না, বরং গণভোটেও ‘হ্যাঁ’ ভোট প্রদান করবেন।"

মানবকণ্ঠ/ডিআর