কলাপাড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে এক লাখ টাকা জরিমানা
পটুয়াখালীর কলাপাড়ার গামুরবুনিয়া গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগে মাটি বিক্রেতা হারুন বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এ দন্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদেক জানান, গামুরবুনিয়া গ্রামে সরকারের অনুমতি ব্যতীত একটি চক্র তফসিলী জমি নষ্ট করে বেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ সকালে ঘটনাস্থলে গিয়ে বেকু মেশিনসহ মাটি বিক্রেতা, মহাজন ও বেকু চালককে আটক করা হয়।
তিঁনি আরও বলেন, তফসিলী জমির ধরণ পরিবর্তন ও মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ সংশোধিত ২০১৯ অনুসারে মাটি বিক্রেতা হারুন বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।




Comments