Image description

বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে ব্যতিক্রমী এক আয়োজন করেছে উপজেলা প্রশাসন। ঐতিহ্যবাহী পান্তা ভাতের সঙ্গে এবার ইলিশের পরিবর্তে পরিবেশন করা হয়েছে স্থানীয় কোরাল ও পাঙ্গাস মাছ। প্রশাসনের এমন সৃজনশীল উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীত ও বৈশাখী গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পান্তা উৎসব। তবে এবার মেনুতে ছিল না ইলিশ। তার বদলে দেওয়া হয় বড় আকারের কোরাল ও পাঙ্গাস মাছ। জানা গেছে, উপজেলা পরিষদের নিজস্ব পুকুরে জাল ফেলে এসব মাছ ধরা হয়। এছাড়া আয়োজনের প্রয়োজনে স্থানীয় বাজার থেকেও কিছু মাছ সংগ্রহ করা হয়।

এ বিষয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, “বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেই আমরা আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপন করছি। বর্তমানে নদী ও সাগরে ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকায় এবং জাটকা সংরক্ষণের প্রতি সাধারণ মানুষকে সচেতন করতে আমরা এবার ইলিশ পরিহার করেছি। স্থানীয় পুকুরের তাজা মাছ দিয়ে পান্তা ভাতের এই আয়োজন সবাই বেশ উপভোগ করেছেন।”

ব্যতিক্রমী এই আয়োজনে উপস্থিত অতিথিরা জানান, চড়া দামে ইলিশ না কিনে বা জাটকা ধ্বংস না করে স্থানীয় মাছ দিয়ে এমন আয়োজন একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

মানবকণ্ঠ/ডিআর