দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা; বিএনপির ৬ নেতা আজীবন বহিষ্কার
গাজীপুরের শ্রীপুরে বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ের অফিস ও প্রধান শিক্ষকের কক্ষে তালা দেয়ার ঘটনায় বিএনপি’র ৬ নেতাকে আজীবন বহিষ্কার করেছে শ্রীপুর উপজেলা বিএনপি।
বুধবার (২২ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন, গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আউয়াল, একই ইউনিটের সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান মাস্টার ও সাবেক মোঃ হাসমত আলী হাসু, ১নং ওয়ার্ড বিএনপি’র সদস্য মোঃ আরমান আলী, মোঃ মাহবুব আলম ও মোঃ রফিকুল ইসলাম।
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি বলেন, গত রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের ২১এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। দাওয়াত না পেয়ে ওই অনুষ্ঠান পন্ড করে দেয়ার অভিযোগ উঠে স্থানীয় বেশ কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। গত ২০ এপ্রিল গাজীপুর ইউনিয়ন বিএনপি জরুরী সভা আহ্বান করে। ওই সভায় উপস্থিত গাজীপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির ২২জন সদস্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ বহিষ্কারে ঐক্যমত হয়ে উপজেলা বিএনপি’র কাছে প্রতিবেদন জমা দেন। উপজেলা বিএনপি প্রতিবেদন মূলে তাদের বহিস্কার করেন।
শ্রীপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ বলেন, শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্চে, সেখানে একটি বিদ্যালয়ে তালা লাগানো অত্যন্ত দুঃখজনক। এঘটনায় বিএনপি’র ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার (১৯ এপ্রিল) সকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠান শুরুর কিছু সময় পরই গাজীপুর ইউনিয়ন বিএনপি’র ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সারোয়ার আউয়ালসহ কয়েকজন নেতা লোকজন নিয়ে অনুষ্ঠানস্থলে এসে বিদায় অনুষ্ঠানে কেন দাওয়াত দেয়া হয়নি কারণ জানতে চান। এসময় শিক্ষার্থীদের সামনেই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের গালিগালাজ করেন। অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করে মাইক্রোফোন কেড়ে নেয়া হয়। এসময় অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পরে। ভয়ে আতংকিত হয়ে শিক্ষার্থী এদিক সেদিক ছুটোছুটি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে। এরপর বিএনপি নেতারা বিদ্যালয়ের অফিস কক্ষ, প্রধান শিক্ষককের কক্ষে তালা ঝুলিয়ে চলে যান। তালা দেয়ার ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে। পরে ঘন্টা খানেক পর বিএনপি নেতারা বিদ্যালয়ে এসে তালা খুলে দেন।




Comments