ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বৈশাখী মেলাকে কেন্দ্র করে দুই পক্ষের তুচ্ছ বিরোধ ভয়াবহ রূপ নেয়, যার জেরে সিয়াম (১৫) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এলাকাবাসীর মতে, দীর্ঘদিনের গ্রুপিং দ্বন্দ্ব থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার পদুরবাড়ী হাই স্কুল মাঠে আয়োজিত মেলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে প্রতিপক্ষের একদল কিশোরের সঙ্গে সিয়ামদের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সাময়িকভাবে মিটে গেলেও কিছুক্ষণ পর মেলার এক পাশে সিয়ামকে একা পেয়ে সংঘবদ্ধভাবে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় নাজমুল (৩৫)-এর নির্দেশে এই হামলা চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের দরিদ্র কৃষক আব্দুস সালামের ছেলে এবং মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার শিক্ষক শহিদুল ইসলাম জানান, পরিবারের কষ্টের মধ্যেও সিয়াম পড়াশোনা চালিয়ে যাচ্ছিল।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে নাজমুল (৩৫) ও রায়হান (১৩) নামের দুইজনকে আটক করেছে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
মানবকণ্ঠ/আরআই




Comments