রাজশাহীর পুঠিয়ায় স্বামীর সক্রিয় সহযোগিতায় এক গৃহবধূকে ধর্ষণের পৈশাচিক অভিযোগ উঠেছে এক কবিরাজের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সোমবার (১৮ মে) বিকেলে বেলপুকুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় কবিরাজ হামিদ ফকির (৬৭) ও ওই নারীর স্বামী মো. রুবেলকে (৩৫) আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, পুঠিয়া উপজেলার চক ধাঁধাস গ্রামের বাসিন্দা হামিদ ফকিরের বাড়ির পাশে একটি আস্তানা রয়েছে, যেখানে তার ভক্ত ও অনুসারীরা যাতায়াত করেন। ভুক্তভোগী নারীর স্বামী রুবেল ওই কবিরাজের একনিষ্ঠ অনুসারী। গত কয়েকদিন আগে রুবেল তার স্ত্রীকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে কৌশলে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান। সেখানে স্বামীর সহযোগিতায় ওই নারীর হাত-পা বেঁধে হামিদ ফকির তাকে ধর্ষণ করেন।
ঘটনার পর স্বামী বিষয়টি গোপন রাখার জন্য নানাভাবে চাপ দিলেও সুযোগ বুঝে ওই নারী পালিয়ে যেতে সক্ষম হন। তিনি প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং সুস্থ হয়ে থানায় মামলা করেন। জানা গেছে, অভিযুক্ত রুবেলের সঙ্গে ওই নারীর মাত্র ছয় মাস আগে বিয়ে হয়েছিল।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ভুক্তভোগী নারীর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিরা বর্তমানে পলাতক থাকলেও তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments