চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি ঘটনায় এক স্কুলশিক্ষার্থীসহ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার বাড়বকুণ্ড ও ছোট কুমিরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর নাম হাসান (১৭), তবে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার বাড়বকুণ্ড মুছা কলোনি এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দীপক দেওয়ান জানান, নিহতের শরীরে বড় কোনো আঘাত না থাকলেও নাক ও মুখে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, একই দিন সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হাসান (১৭) নামের এক শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত গাড়ির চাপায় এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments