Image description

বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের নাম মোঃ সাগর (২২)। তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোঃ মিন্টু সরকার এবং মায়ের নাম মোসাঃ লিলি বেগম। উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে বা কোন যানবাহনের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলে সড়কের পাশে রক্তের দাগ ও ছিটকে পড়া কিছু গাছের ডালপালা দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হতে পারে।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

__এআর/এমকে