Image description

শিশু রামিসাসহ সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

শুক্রবার (২২ মে) সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ এবং পরিচালনা করেন সংগঠনটির মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার।

সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, মহিলা ফোরামের সদস্য ইসমাত আরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য ও বরিশাল হোম ইকোনমিক কলেজের সংগঠক উম্মে হালিমা লাবনী, সরকারি ব্রজমোহন কলেজ শাখার সদস্য মো. রাকিবুল হাসান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক লামিয়া সাইমুন এবং হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয় শাখার সংগঠক নাজলা আক্তার মিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, একজন শিশুকে এভাবে নির্মমভাবে হত্যা শুধু একটি পরিবারের জন্য নয়, সমগ্র সমাজের জন্য আতঙ্কজনক বার্তা বহন করে।

নেতৃবৃন্দ নিহত রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, গত সাত দিনে দেশে চারজন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধারাবাহিকভাবে শিশু ও নারীর ওপর ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা প্রমাণ করে রাষ্ট্র শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তারা মাগুরার শিশু আছিয়া হত্যার ঘটনার বিচার দ্রুত কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক অবক্ষয়, নারীকে ভোগের বস্তু হিসেবে দেখার মানসিকতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক ও সহিংসতার বিস্তার এবং অপরাধীদের রাজনৈতিক-সামাজিক প্রশ্রয়কে এ ধরনের ঘটনার জন্য দায়ী করেন।

তারা বলেন, শুধুমাত্র বিচ্ছিন্ন গ্রেপ্তার, সাময়িক তৎপরতা বা ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে এ পরিস্থিতির সমাধান সম্ভব নয়। দ্রুত বিচার নিশ্চিত করা, অপরাধীদের রাজনৈতিক ও সামাজিক আশ্রয় বন্ধ করা এবং নারী ও শিশুর প্রতি সহিংস মানসিকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

__এআর/এমকে