Image description

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী পূবাইল বাজার মাঠে কাল শনিবার (২৩ মে) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে কোরবানির পশুর হাট। দেশীয় ও স্থানীয় গরুর বিশাল সমারোহে প্রতিবছরের মতো এবারও এই হাট জমজমাট হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পূবাইল বাজার মাঠে সাধারণত প্রতি শনিবার ও মঙ্গলবার নিয়মিত হাট বসলেও ঈদুল আজহাকে কেন্দ্র করে এখানে কয়েক দশক ধরে বৃহৎ পরিসরে পশুর হাটের আয়োজন করা হয়। স্থানীয় খামারি ও কৃষকদের পাশাপাশি উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গরুর বেপারিদের উপস্থিতিতে হাটটি ইতোমধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছে।

সরেজমিনে দেখা যায়, পশুর হাট উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাটের প্রধান প্রবেশপথে তোরণ নির্মাণ করা হয়েছে এবং হাসিল আদায়ের জন্য পর্যাপ্ত কাউন্টার স্থাপন করা হয়েছে। ২৩ মে শনিবার থেকে শুরু হয়ে হাটের কার্যক্রম চলবে ঈদের দিন সকাল পর্যন্ত।

হাটের ইজারাদার আফজাল হোসেন বলেন, ‘ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে আমরা সব প্রস্তুতি গুছিয়ে এনেছি। শনিবার বিকেলের মধ্যেই মাঠ পশুতে পূর্ণ হয়ে যাবে। গত বছরের তুলনায় এবার ক্রেতার উপস্থিতি অনেক বেশি হবে বলে আমরা ধারণা করছি।’ 

তিনি আরও জানান, নিয়মিত হাটের বাইরেও ঈদের আগ পর্যন্ত প্রতিদিন এই হাটে কেনাবেচা চলবে।

স্থানীয় বাসিন্দারা জানান, পূবাইল ও আশপাশের প্রায় ৫০ থেকে ৬০টি গ্রামের মানুষের জন্য এটি প্রধান পশুর হাট। কেবল কেনাবেচাই নয়, এই হাটকে কেন্দ্র করে পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সিটি করপোরেশনের নির্ধারিত হাসিলের চেয়েও এখানে কম হাসিল নেওয়া এবং পশুর দাম নাগালের মধ্যে থাকায় দূর-দূরান্ত থেকে ক্রেতারা এখানে আসেন।

নিরাপত্তার বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় পুলিশ কঠোর অবস্থানে থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, ছিনতাই কিংবা জাল টাকার প্রতারণা ঠেকাতে সাদা পোশাকের টিমের পাশাপাশি সার্বক্ষণিক টহল পুলিশ মোতায়েন থাকবে।’

মানবকণ্ঠ/ডিআর