Image description

শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে বজ্রপাতে ফয়সাল আহমেদ বেপারী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহেদ আলী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই গ্রামের ফজলুল হক বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের জীবিকার তাগিদে প্রতিদিনের মতো শুক্রবার দুপুরেও নিজ জমিতে কাজ করতে গিয়েছিলেন ফয়সাল। পরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের মাঠে যান তিনি। এক দফা ঘাস কেটে বাড়িতে রেখে পুনরায় মাঠে গেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় প্রচণ্ড শব্দে একটি বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

নিকটস্থ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে থাকা এক কৃষক বিষয়টি দেখে চিৎকার করলে স্থানীয়রা ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে চেয়ারম্যান বাজারের ‘ডক্টরস পয়েন্ট’ নামের একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফয়সালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্ত্রী এবং দুই মেয়ে ও এক ছেলে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো শাহেদ আলী কান্দি গ্রামের পরিবেশ।

দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আক্কাস আলী বেপারী বলেন, “ঘটনাটি খুবই হৃদয়বিদারক। অভাবের সংসারে ফয়সালই ছিল একমাত্র আশা। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবারটি এখন চরম সংকটে পড়েছে।”

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

মানবকণ্ঠ/ডিআর