সুনামগঞ্জে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আবির হোসেন (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার ছোট ভাই আরিফ হোসেন (৮) গুরুতর আহত হয়েছে। হতাহতরা পরস্পর সহোদর ভাই।
সোমবার (২৫ মে) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রাজনগর গ্রামের পাশে এ ঘটনা ঘটে। নিহত আবির ও আহত আরিফ ওই গ্রামের আব্দুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে দুই ভাই বাড়ির সামনের হাওরে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই আবিরকে মৃত ঘোষণা করেন। আহত আরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে হতাহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারে এখন শোকের মাতম চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments