Image description

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে রাহেল (১৮) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৫ মে) উপজেলার বৈরচুনা ইউনিয়নের ইন্দ্রল গ্রামের মোল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাহেল ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং ইন্দ্রল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে রাহেলের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মায়ের মৃত্যুর পর থেকেই রাহেল মানসিকভাবে ভেঙে পড়ে। পরবর্তীতে তার বাবা দ্বিতীয় বিয়ে করলে রাহেল আরও নিঃসঙ্গ হয়ে পড়ে এবং স্বাভাবিক জীবনযাপনে মানিয়ে নিতে পারছিল না।

পরিবারের সদস্যরা জানান, জীবনসংগ্রামের তাগিদে রাহেল কিছুদিন ঢাকায় কাজ করতে গেলেও পরে বাড়ি ফিরে পড়াশোনায় মন দেয়। সম্প্রতি সে কিস্তিতে একটি মোবাইল ফোন কিনেছিল। কিন্তু কিস্তির টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় মোবাইলটির সংযোগ বন্ধ হয়ে যায়, যা তাকে আরও হতাশায় নিমজ্জিত করে। কিস্তির টাকার সংস্থানের জন্য সে লিচু বাগানে কাজও করছিল। 

স্থানীয়দের দাবি, সে ‘ফ্রি ফায়ার’ গেমে আসক্ত ছিল এবং মায়ের অভাব ও আর্থিক টানাপোড়েনে সব সময় অস্থির থাকত। শেষ পর্যন্ত মানসিক যন্ত্রণা সইতে না পেরে নিজ ঘরের সরের (আড়া) সঙ্গে রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের মৃত্যুর পর থেকেই ছেলেটি গভীর বিষণ্নতায় ভুগছিল। ঘটনাটি আত্মহত্যা বলেই নিশ্চিত হওয়া গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।”

মানবকণ্ঠ/ডিআর