Image description

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে বিভাগীয় শহর রংপুরে সরাসরি ‘মেইল বাস সার্ভিস’ বন্ধ করার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সোমবার (১ জুন) সকাল থেকে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে ‘উপজেলার সর্বস্তরের জনগণের’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

অবরোধের কারণে সকাল থেকে কুড়িগ্রাম মটর মালিক সমিতির কোনো বাস ভূরুঙ্গামারী থেকে ছেড়ে যায়নি এবং বাইরে থেকে কোনো বাস ঢুকতে পারেনি। এতে ঢাকাগামী যাত্রীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ বিরতির পর গত ১ জানুয়ারি ভূরুঙ্গামারী-রংপুর সরাসরি মেইল বাস সার্ভিস পুনরায় চালু হয়। কিন্তু কুড়িগ্রাম বাস মালিক সমিতি কোনো কারণ ছাড়াই আজ (সোমবার) থেকে এই সেবা বন্ধ করে দেয়। এর প্রতিবাদে গত ৩০ মে মানববন্ধন করে স্থানীয়রা হুশিয়ারি দিয়েছিলেন যে, সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর আন্দোলন করা হবে। দাবি মানা না হওয়ায় আজ সকাল থেকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

ঢাকার একটি পোশাক কারখানার কর্মী সাহিদা বেগম জানান, এসএন পরিবহনের বাসে ঢাকায় যাওয়ার জন্য টিকিট কাটলেও সকালে কাউন্টার থেকে জানানো হয় বাস যাবে না। পরে তাকে ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়। এখন কীভাবে গন্তব্যে পৌঁছাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

উত্তর ধরলা মটর মালিক সমিতির সম্পাদক স্বপন কুমার সাহা এই আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেছেন। অন্যদিকে, আন্দোলনের নেতৃত্বদানকারী ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, "আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।"

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার জন্য শ্রমিক নেতাদের নিয়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

মানবকণ্ঠ/ডিআর