পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে জীবিকার তাগিদে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। সোমবার (১ জুন) থেকে বরিশালসহ উপকূলীয় জেলাগুলো থেকে রাজধানী ঢাকা ও অন্যান্য গন্তব্যমুখী মানুষের ঢল নেমেছে নদীবন্দর, বাস টার্মিনাল ও মহাসড়কগুলোতে।
সোমবার সন্ধ্যায় বরিশাল নদীবন্দর এলাকায় সরেজমিনে দেখা যায়, ঢাকাগামী লঞ্চগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। নির্ধারিত সময়ের অনেক আগেই যাত্রীরা লঞ্চে জায়গা পেতে ভিড় করছেন। পরিবার-পরিজনকে বিদায় জানাতে আসা মানুষের উপস্থিতিতে ঘাট এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ ছুটি কাটিয়ে প্রিয়জনদের রেখে কর্মস্থলে ফেরার সময় অনেককেই আবেগপ্রবণ হতে দেখা গেছে।
ঝালকাঠি থেকে আসা ঢাকাগামী যাত্রী ইমরান বলেন, “পরিবারের সঙ্গে ঈদের সময়টা খুব ভালো কেটেছে। কিন্তু কাজের প্রয়োজনে আবার ফিরতে হচ্ছে। ঘাটে আজ প্রচণ্ড ভিড়, তবুও নিরাপদে পৌঁছাতে পারলেই স্বস্তি।”
একই চিত্র দেখা গেছে সড়কপথেও। নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলোতে ছিল যাত্রীদের দীর্ঘ সারি। অতিরিক্ত চাপের কারণে অনেক বাস নির্ধারিত সময়ের আগেই পূর্ণ হয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
সড়কপথের যাত্রী জাহিদ জানান, মঙ্গলবার থেকে অফিস শুরু, তাই আজই রওনা হয়েছেন। রাস্তায় যানজটের আশঙ্কা থাকলেও সময়মতো পৌঁছানোই এখন বড় চ্যালেঞ্জ।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার ও মঙ্গলবার যাত্রীদের চাপ সবচেয়ে বেশি থাকবে। এ চাপ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে অতিরিক্ত যাত্রী সামাল দিতে এবং যাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চ ও বাস কর্তৃপক্ষ বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে।
বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ-পরবর্তী যাত্রীচাপ মোকাবিলায় ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে পুলিশ, বিআইডব্লিউটিএ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments