Image description

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৭নং শাকুয়াই ইউনিয়নের রামনাথপুর গ্রামে সরকারি হালটের জায়গা দখল করে রাস্তা সংকুচিত করার অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার প্রায় ৭০টি পরিবারের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বাধা দিতে গেলে অভিযুক্তরা আমিন ও স্থানীয়দের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে জানা গেছে।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাকুয়াই মৌজার ১নং খতিয়ানের ২৪৯৮ ও ২৪৯৯ নম্বর দাগের মোট ৭ শতাংশ জমির ওপর প্রায় ১২ ফুট প্রশস্ত একটি সরকারি হালট (রাস্তা) রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার আবুল কালাম (৫৫) ও সালাম এই হালটের প্রায় ৮ ফুট জায়গা গাছ ও খুঁটি দিয়ে দখল করে রেখেছেন। ফলে রাস্তাটি সংকুচিত হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দা শহীদ মিয়া জানান, রাস্তাটি সরু হয়ে যাওয়ায় রোগী বহন, আসবাবপত্র বা জরুরি প্রয়োজনে কোনো যানবাহন নিয়ে ঢোকা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই দুর্ভোগ পোহাচ্ছেন।

ভুক্তভোগী মিলন আকন্দ জানান, বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবে বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খানের হস্তক্ষেপে গত ২৪ আগস্ট দুপুরে সরকারি রেকর্ড অনুযায়ী জমি মাপজোখের উদ্যোগ নেওয়া হয়। তবে মাপজোখের সময় অভিযুক্ত আবুল কালাম বাধা প্রদান করেন এবং উপস্থিত আমিন ও গণ্যমান্য ব্যক্তিদের হুমকি দেন। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, আবুল কালাম একপর্যায়ে বলেন— “আগে এখানে একটা মার্ডার হয়েছে, এবার জমি মাপতে এলে আরও একটা মার্ডার হবে।” তার এমন বক্তব্যে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অন্য এক বাসিন্দা আবুস ছাতার আকন্দ অভিযোগ করেন, সরকারি জায়গা দখলের প্রতিবাদ করায় আবুল কালাম তাকে মারধর ও মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

এ বিষয়ে শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান বলেন, জনস্বার্থে রাস্তাটি দখলমুক্ত হওয়া প্রয়োজন। আমরা নিয়ম অনুযায়ী মাপজোখের চেষ্টা করেছি, কিন্তু বাধার কারণে তা সম্পন্ন করা কঠিন হয়ে পড়ছে।

ভুক্তভোগী ৭০টি পরিবারের দাবি, সরকারি রেকর্ড ও নকশা অনুযায়ী দ্রুত তদন্ত করে হালটের সঠিক সীমানা নির্ধারণ করা হোক। অবৈধ দখলদারদের হাত থেকে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি উদ্ধার করে প্রশস্ততা ফিরিয়ে আনতে তারা সংশ্লিষ্ট ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ডিআর