Image description

খুলনার পাইকগাছায় নদী থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার দারুণ মল্লিক গ্রাম সংলগ্ন স্লুইসগেটের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ৪ নম্বর দেলুটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দারুণ মল্লিক গ্রামের ২২ নম্বর পোল্ডারের স্লুইসগেটের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন তারা। পরে বিষয়টি পাইকগাছা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি পানি থেকে তুলে আনে। তবে স্থানীয়রা ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির জানান, উদ্ধারকৃত মরদেহটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিআর