বাবার লাশ বারান্দায় রেখেই সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মারামারি
যশোরের কেশবপুরে বাবার মৃত্যুর পর তাঁর লাশ বাড়ির বারান্দায় রেখেই পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বাবার মৃতদেহ সামনে রেখে দুই ভাইয়ের এমন আচরণে এলাকায় ব্যাপক ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামের মাহবুর ও আছাবুরের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক জমিজমা ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে দুই ভাইয়ের পরিবারের মধ্যে আগে থেকেই চরম তিক্ততা ও দূরত্ব বিরাজ করছিল।
সোমবার সকালে তাঁদের বাবা মারা গেলে দাফনের প্রস্তুতির জন্য লাশ বাড়ির বারান্দায় রাখা হয়। অভিযোগ রয়েছে, শোকের পরিবেশের পরিবর্তে দুই ভাই সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি ও মারামারি।
বাবার লাশ সামনে রেখে দুই ভাইয়ের এমন বিবাদে উপস্থিত স্বজন ও প্রতিবেশীরা হতবাক হয়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসীর মতে, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মূল কারণ। দ্রুত এই বিরোধের স্থায়ী মীমাংসা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে অভিযুক্ত দুই ভাইয়ের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এবং ঘটনাটি নিয়ে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ডিআর




Comments