গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেরদৌস মিয়া (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শাপলা বেগম (৩০) নামে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরঘর এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস মিয়া স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ব্যাটারিচালিত একটি ইজিবাইক যাত্রী নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘অরিন ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ফেরদৌস মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনায় ইজিবাইকের যাত্রী শাপলা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, ঘাতক বাসটি পালিয়ে গেলেও সেটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments