ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত অনিক (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার অনিক আশুগঞ্জের সোনারামপুর কলাবাগান এলাকার মনু মিয়ার ছেলে। এ ঘটনায় তার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকারিয়া ও ইমরান নামে আরও দুই কিশোরকে আসামি করা হয়েছে, যারা বর্তমানে পলাতক রয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কিশোরীর পরিবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা থেকে জীবিকার তাগিদে আশুগঞ্জের কলাবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।
গত ১০ জুন রাত ৮টার দিকে কিশোরীকে স্থানীয় একটি দোকান থেকে রুটি আনতে পাঠানো হয়। পথে তাকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটি ভবনের পাঁচতলায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পরে সেখানে তার ওপর নির্যাতন চালানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করা হয় বলে পরিবার অভিযোগ করেছে। পরবর্তীতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে দুই দিন পর সে পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এরপর শনিবার তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার তদন্তে অনিক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
তিনি আরও জানান, মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments