পটুয়াখালীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. দুলাল গাজী (৬০) নামে এক বৃদ্ধ ট্রলার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার মাটিভাংগা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল পৌনে ১১টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের মাটিভাংগা গ্রামে ওই শিশুকে একা পেয়ে ফুসলিয়ে ধর্ষণ করেন দুলাল গাজী। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থা ও কান্না দেখে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার পরপরই পটুয়াখালী সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ দ্রুত অভিযানে নেমে জনরোষ থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত দুলাল গাজীকে গ্রেপ্তার করে।
পটুয়াখালী সদর থানা পুলিশ জানায়, খবর পাওয়ামাত্রই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইন অনুযায়ী আসামির কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই জঘন্য অপরাধের ঘটনায় পুরো ইউনিয়ন জুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments