Image description

ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উন্মাদনার মাঝে পটুয়াখালীতে এক ব্যতিক্রমী ও মজার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করিয়েছেন আর্জেন্টিনা সমর্থক কাজী রাফি।

জানা গেছে, পটুয়াখালী শহরের বাসিন্দা কাজী রাফি সম্প্রতি এক ফেসবুক লাইভে ঘোষণা দিয়েছিলেন—ব্রাজিল যদি হেইতির বিপক্ষে ম্যাচে জয়লাভ করে, তবে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন। তার এই চ্যালেঞ্জটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

শনিবার (২০ জুন) ভোরে হেইতিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল জয়লাভ করার পর স্থানীয় ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় ভিড় জমান। পরে রাফি স্বেচ্ছায় শহরের ঝাউবন এলাকায় আসেন এবং উপস্থিত সবার সামনে হাসিমুখে নিজের মাথা ন্যাড়া করান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেক সমর্থকই এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

উপস্থিত ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, “রাফি কথা দিয়েছিল ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে। আজ সে নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে।”

মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, “আমি আর্জেন্টিনার কট্টর সমর্থক হলেও খেলার স্পিরিট বজায় রাখতে চেয়েছি। ফেসবুক লাইভে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ব্রাজিল জয়ী হওয়ায় তা পালন করেছি। প্রিয় দলকে ঘিরে আমাদের এই বন্ধুত্বপূর্ণ লড়াই চলতেই থাকবে।”

পটুয়াখালীর এই ঘটনাটি ফুটবল প্রেমীদের মাঝে খেলার প্রতি ভালোবাসা ও সমর্থকদের মধ্যে সুসম্পর্কের এক চমৎকার উদাহরণ হিসেবে আলোচিত হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর