হাতীবান্ধায় মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ আহত, আশঙ্কাজনক অবস্থায় এসআই
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) মধ্যরাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাব-ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে চুরি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদকে গ্রেপ্তার করতে গেন্দুকুড়ি এলাকায় অভিযানে যান হাতীবান্ধা থানার এসআই রুহুল আমিন ও এএসআই লতিফ। এসময় আসামি রাশেদ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে ওই দুই কর্মকর্তার ওপর হামলা চালায়। হামলায় এসআই রুহুল আমিন মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে এসআই রুহুল আমিনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments