নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু
নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতনের শিকার মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেন (৩২) মারা গেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আনোয়ার হোসেন নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের মৃত কাওসার মোল্যার ছেলে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত ২৪ জুন সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ২৫ জুন সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন আনোয়ার গুরুতর আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে ভর্তি।
অভিযোগ উঠেছে, ২৪ জুন রাতে সদরের গোবরা মালোপাড়া এলাকায় প্রসেনজিৎ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, অপূর্ব বিশ্বাসসহ একদল যুবক চুরির অপবাদে আনোয়ারকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন করেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে সাত দিন যমে-মানুষে লড়াই করার পর আজ সকালে তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। তবে প্রধান অভিযুক্ত প্রসেনজিৎ বিশ্বাসের মা দাবি করেছেন, আনোয়ার একটি ভ্যান নিয়ে টানাটানি করায় তার ছেলে 'চোর' বলে চিৎকার দিলে স্থানীয়রা তাকে মারধর করে। পরে তার ছেলেই নাকি তাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিল।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, "আনোয়ারের মৃত্যুর পর আগের নির্যাতনের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments