Image description

উচ্চ আদালতের নির্দেশে অবশেষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যানরা তাদের হারানো দায়িত্ব ফিরে পাচ্ছেন। গত রোববার (৫ জুলাই) স্থানীয় সরকার বিভাগের এক নির্দেশনায় এই আদেশ নিশ্চিত করা হয়েছে। সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ নাজমুল হাসান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা তিনি পেয়েছেন। সরকারি পত্রের কপি হাতে পাওয়ার পরপরই আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।

দায়িত্ব ফিরে পাওয়া চেয়ারম্যানরা হলেন— তালেবপুর ইউনিয়নের মো. রমজান আলী, বায়রা ইউনিয়নের দেওয়ান মো. জিন্নাহ, চারিগ্রাম ইউনিয়নের মো. রিপন হোসেন, জয়মন্টপ ইউনিয়নের ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, চান্দহর ইউনিয়নের মো. শওকত হোসেন, ধল্লা ইউনিয়নের মোহাম্মদ জাহিদুল ইসলাম, সায়েস্তা ইউনিয়নের মো. হালিম এবং জামির্ত্তা ইউনিয়নের আবুল হোসেন। তবে হাইকোর্টের সার্টিফায়েড কপি জমা না দেওয়ায় জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী কামরুজ্জামান আপাতত দায়িত্ব ফিরে পাচ্ছেন না।

উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই সিংগাইরের নয়টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানদের সরিয়ে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল জেলা প্রশাসন। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে চেয়ারম্যানরা হাইকোর্টে পৃথক রিট পিটিশন দায়ের করেন। গত ৩ মার্চ হাইকোর্টের বিচারপতি রাজ্জাক আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের দ্বৈত বেঞ্চ প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে রুল জারি করেন। সেই রায়ের আলোকেই এখন তাদের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

দায়িত্ব ফিরে পাওয়ার খবরে সন্তোষ প্রকাশ করেছেন চেয়ারম্যানরা। তারা জানিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে পুনরায় ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনে তারা পুরোপুরি প্রস্তুত রয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর