হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায় এবং লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ইউনিক পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিক পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই মারা গেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments